ভারতের সঙ্গে ‘স্বার্থ হানিকর’ চুক্তি বাতিল করতে হবে :বিএনপি

আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সে দেশের সঙ্গে স্বাক্ষর করা বাংলাদেশের ‘স্বার্থহানিকর’ সব চুক্তি বাতিল চায় বিএনপি। পাশাপাশি সকল চুক্তি ও সমঝোতার বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানোর দাবি জানিয়েছে দলটি।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্যা বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। তিনি বলেন, আমরা নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে সমতাভিত্তিক সুসম্পর্ক চাই। কিন্তু এই সরকার যা করছে, তাতে দেওয়া-নেওয়ার বিষয়ে নেই। আছে শুধু দেওয়ার। দেশের স্বার্থহানিকর এমন অসম চুক্তির অধিকার জনগণ সরকারকে দেয়নি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাংলাদেশের ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরের জনগণের ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত চুক্তিতে ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর নির্বিঘ্নে ব্যবহারের অনুমতি দিয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূলে যৌথ পর্যবেক্ষণের জন্য রাডার বসানোর অনুমতি দিয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশ থেকে এলপিজি গ্যাস সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। অথচ বহু বছর ধরে তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার ব্যাপারে শুধুই আলোচনা করে চলেছে। এবারও শুধু আশ্বাসই পেয়েছে, কোনো স্পষ্ট নিশ্চয়তা পায়নি। আসামের নাগরিকপঞ্জির পরিপ্রেক্ষিতে কয়েক লাখ আসামবাসীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসাম রাজ্য ও কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্পষ্ট হুমকি দিয়েছেন। কিন্তু দুই প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে এ ব্যাপারে ইতিবাচক কোনো প্রতিশ্রুতি নেই। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমালোচনায় ভীত সরকার তার দলীয় লাঠিয়ালদের দিয়ে বুয়েটের ছাত্র আবরারকে খুন করেছে। কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ড আন্দোলনের আগুনে ঘৃতাহুতি দিয়েছে মাত্র। কাউকে ভীত করতে পারেনি।

এলপিজি রপ্তানি

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এলপিজি আমদানিকারক দেশ হয়ে প্রতিবেশীর প্রয়োজনে তা রপ্তানি করার উদ্যোগ ব্যক্তি ও গোষ্ঠীবিশেষকে লাভবান করবে—দেশকে নয়। দেড় হাজার কিলোমিটার পথের স্থলে এখন মাত্র ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে এলপিজি গ্যাস ভারত পৌঁছাবে।

দুই দিনের কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে স্বাক্ষরিত দেশবিরোধী চুক্তি বাতিল এবং এসব চুক্তির বিরোধিতার কারণে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে খুনের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে। আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশের মহানগরে জনসভা এবং একই দাবিতে ১৩ অক্টোবর (রবিবার) জেলা শহরে জনসমাবেশ।