আবরারের পরিবার যে দলই করুক, অপরাধীদের শাস্তি পেতেই হবে —মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবার যে দলই করুক না কেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম  মোজাম্মেল হক এমপি। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ মেধাবী শিক্ষার্থী ছিল। সে জামায়াত করত নাকি শিবির করত সেটি বড়ো কথা নয়, সে একজন বাংলাদেশের নাগরিক। তাকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেটি একটি জঘন্যতম অপরাধ। অপরাধীরা যে দলই করুক না কেন, শাস্তি তাদের পেতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্যকালে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, জেলা আ.লীগ সহ-সভাপতি এম এ কাদের, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভা মেয়র আনিসুর রহমান, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা (সংরক্ষিত) ভাইস চেয়ারম্যান রওশনারা প্রমুখ।

সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ সম্মেলন চলে। পরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি নতুন কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের নাম ঘোষণা করেন।