দুর্নীতি করে কেউ পার পাবে না ---------গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:৩৩

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম উন্নয়নের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেছেন, রাজধানীর বনানী এফআর টাওয়ার অগ্নি দুর্ঘটনায় দায়ী ৬২ জন ও রূপপুর বালিশকাণ্ডে অভিযুক্ত ৩০ জনসহ ৯২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের অনেকের ফাইল দুর্নীতিদমন কমিশনে রয়েছে। একটি মন্ত্রণালয়ের এতোজনের বিরুদ্ধে একবারে ব্যবস্থা গ্রহণ আগে কখনো ঘটেনি। তাই যেই হোক না কেন দুর্নীতি করে কেউ পার পাবে না। রাস্তা দখল করে বা অনুমতি না নিয়ে স্থাপনা নির্মাণ করা হলে তা ভেঙে দেওয়া হবে। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এ কাজে কেউ বাধা দিতে পারবে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) উদ্যোগে সংস্থার মিলনায়তনে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বুয়েটের ছাত্র হত্যার কথা উল্লেখ করে বলেন, বুয়েটে নিষ্ঠুর ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগ-আওয়ামী লীগ যেই জড়িত থাকুক না কেন কেউ পার পাবে না। শেখ হাসিনা সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করে। তাই তাঁর শাসনামলে অপরাধ করে কেউ পার পাবে না।

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম সরকারি কর্মকর্তাদের সাধারণ মানুষের শতভাগ সেবা প্রদানের নির্দেশ দেন।

কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মুকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আখতারুজ্জামান বাবু এমপি, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ প্রমুখ।