টোকিও অলিম্পিক
স্পোর্টস ডেস্ক
জন্মভূমি জাপানের হয়ে অলিম্পিকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দেবেন বিশ্বের তিন নম্বর টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। আগামী বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে পরবর্তী অলিম্পিক আসর।
নাওমি ওসাকার জন্ম হয়েছিল জাপানে। জাপানি ও হাইতির মা বাবার ঘরে। কিন্তু ওসাকার বয়স যখন তিন, সে সময় তার পরিবার নিউ ইয়র্কে চলে গিয়েছিল। বর্তমানে ওসাকার বয়স ২১ বছর এবং জাপানের এনএইচকে টেলিভিশনকে তিনি জানান এটা হলো—নিজেদের মাঠের গেমসে জন্মের দেশকে প্রতিনিধিত্বের ‘বিশেষ বাসনা’।
ওসাকা অবশ্য ডব্লিউটিএ ট্যুর ও ফেড কাপে জাপানের হয়েই খেলেন। জাপানের টেলিভিশনটিকে তিনি বলেন, ‘জাপানের প্রতিনিধি হিসেবে অলিম্পিকে খেলার লক্ষ্য বিশেষ এক অনুভূতি। আমি মনে করি যে, দেশের গরিমা নিয়ে খেলতে যাওয়াটা আমাকে আরো বেশি আবেগপ্রবণ করে তুলবে।’
জাপানের আইন অনুযায়ী কারো যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, তাইলে তাকে ২২ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো একটি দেশকে বেছে নিতে হবে। কিওডো বার্তা সংস্থা জানায়, ওসাকা এরই মধ্যেই সে প্রক্রিয়া শুরু করেছেন।
