ক্ষুব্ধ, হতাশ স্থানীয় কোচরা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫৬

বিদেশি কোচ নির্ভর বিপিএল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সব দলে একজন করে লেগ স্পিনার খেলানো, ঘণ্টায় ১৪০ কিমি. গতিতে বোলিং করা বিদেশি পেসার খেলানো বাধ্যতামূলক করার মতো ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সঙ্গে বিপিএলের সাত দলে বিদেশি কোচ, ফিজিও, ট্রেনার নিয়োগের সিদ্ধান্তের কথাও জানিয়েছে বিসিবি।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশীয় কোচরা। হতাশা প্রকাশের সঙ্গে তারা বলেছেন, এটা কোচদের জন্য অসম্মানজনকও বটে। এবং দেশীয় কোচদের উন্নতির পথে বড়ো প্রতিবন্ধকতা হয়ে ধরা দিবে। এর মাধ্যমে দেশে ভালো মানের কোচ নেই ঘোষণা করল বিসিবি। ক্ষোভ প্রকাশ করে কেউ কেউ বলছেন, ভবিষ্যতে ঢাকা প্রিমিয়ার লিগেও বিদেশি কোচ বাধ্যতামূলক করে দেওয়ার সিদ্ধান্ত দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

বিপিএলের পরিসংখ্যান বলছে, বিদেশিদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই দেশীয় কোচরা। টুর্নামেন্টের আগের ছয় আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছে দেশীয় কোচদের পরিচালিত দল। মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুইবার, খালেদ মাহমুদ সুজনের অধীনে ঢাকা ডায়নামাইটস একবার ট্রফি জিতেছিল। ইংলিশ কোচ ইয়ান পন্ট ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে দুইবার, অস্ট্রেলিয়ান টম মুডি রংপুর রাইডার্সকে একবার শিরোপা এনে দিয়েছেন।

দেশের প্রথিতযশা কোচ নাজমুল আবেদীন ফাহিম গতকাল এ সম্পর্কে বলেছেন, ‘এটা দেশীয় কোচদের জন্য অসম্মানজনকও বটে। এর মাধ্যমে আমরা ঘোষণা করলাম যে, আমাদের এখানে ভালো মানের কোচ নেই। এখানে প্রতি আসরে কয়েকজন দেশীয় কোচ কাজ করত। ইমরান (সরোয়ার ইমরান), সুজন (খালেদ মাহমুদ সুজন), সালাউদ্দিনরা (মোহাম্মদ সালাউদ্দিন) কাজ করেছে।’ 

দেশীয় কোচদের তৈরি করা বিসিবির দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘দেশীয় কোচদের তৈরি করা কিন্তু বিসিবিরই দায়িত্ব। শুধু কোচ নয় ফিজিও, ট্রেনার এদের তৈরি করাও বোর্ডের দায়িত্ব। একটা টুর্নামেন্ট হয়তো আপনি বিদেশি কোচ দিয়ে করলেন। সব টুর্নামেন্ট পারবেন না।’

বাংলাদেশের অভিষেক টেস্টের কোচ সরোয়ার ইমরান বলেছেন, প্রিমিয়ার লিগেও বিদেশি কোচ দেখার অপেক্ষায় তিনি। নিজের প্রতিক্রিয়া দেশের কিংবদন্তিতুল্য এই কোচ গতকাল বলেছেন, ‘আমাদের কিছু বলার নাই। এখন কবে শুনব যে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও বিদেশি কোচ আনবে। সামনে প্রিমিয়ার লিগ, সেখানেও বিদেশি কোচ আনবে-এখন এটা শোনার অপেক্ষায় আছি।’

দেশীয়দের অবজ্ঞা করার এই চেষ্টা শুধু বাংলাদেশেই সম্ভব বলে জানালেন সরোয়ার ইমরান। বাংলাদেশের বহু পেস বোলারের গুরু বর্ষীয়ান এই কোচ বলেছেন, ‘এগুলো নিয়ে মন্তব্য করার ইচ্ছা নাই। আপনারা বুঝতেই পারেন যে, কোনো দেশে আছে কি এমন নিয়ম যে, লোকাল কোচরা হেড কোচ হতে পারবে না। পৃথিবীর কোথাও নেই। এটা শুধু বাংলাদেশেই সম্ভব।’

বিপিএল, প্রিমিয়ার লিগে তার সাফল্য প্রমাণিত। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গুরু হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত সালাউদ্দিন। বিপিএলে দুটি ট্রফি জয়ের গৌরব রয়েছে তার ভান্ডারে। বিপিএলের সাত দলে বিদেশি কোচ বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সালাউদ্দিন।

ক্ষোভ ঝাড়তে গিয়ে বিসিবিতে বিদেশি পরিচালক আনার প্রস্তাবও করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে সালাউদ্দিন লিখেছেন, ‘সব বিদেশি আসবে, ভালো কথা, কিন্তু কেন কোনো বিদেশি পরিচালক আনবেন না? কারণ কোচ, ট্রেনার, ফিজিও, খেলোয়াড় কেউ আন্তর্জাতিক মানের না, তাইলে আপনারা নিজেদের আন্তর্জাতিক মানের ভাবেন কেমনে, আপনারাও আমাদের মতোই। আপনাদেরও উচিত বিদেশি পরিচালক নিয়া আসা।’