আবারও ‘বিরাট’ চমক

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫৭

স্পোর্টস ডেস্ক

বড়ো একটা ইনিংস বিরাট কোহলির কাছে পাওনা হয়েই ছিল। কে জানতো, এমন দানবীয় আকারেই তিনি সেই পাওনাটা চুকিয়ে দেবেন!

পুনে টেস্টের দ্বিতীয় দিনটা তিনি শুরু করেছিলেন হাফ সেঞ্চুরি নিয়ে। ভারত যখন ৬০১ রানে ইনিংস ঘোষণা করে, তখনও তাকে থামানো যায়নি। অপরাজিত ছিলেন ২৫৪ রানে।

জবাব দিতে নেমে বড়ো বিপদে পড়েছে সফরকারী প্রোটিয়া দল। মাত্র ৩৬ রান তুলতে না তুলতেই তিনটি উইকেট হারিয়ে ফেলেছে নিজেদের প্রথম ইনিংসে। ভারতের পাহাড়সমান রানের চাপায় যদি দলটি ফলোঅনের মুখোমুখি হয়ে পড়ে তাহলেও অবাক হওয়ার কিছু নেই! দিনের শেষ ১৫ ওভারে আগুন ঝড়িয়েছেন ভারতীয় পেসাররা। উমেশ যাদব দু’টি ও মোহাম্মদ শামি একটি উইকেট নেন।

এইদিনে অসংখ্য রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন কোহলি। বিরাট কোহলি সপ্তমবারের মত টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। ছাড়িয়ে গেছেন দুই ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগকে। দু’জনই করেন ছয়টি করে ডাবল সেঞ্চুরি।

টেস্টে এই নিয়ে ১০ বার ১৫০-এর ওপর নিজের স্কোরকে নিয়ে গেলেন কোহলি। এখানে ভারতীয়দের মধ্যে তিনি আছেন পঞ্চম অবস্থানে। অধিনায়ক হিসেবে নবমবারের মতো এই কীর্তি গড়লেন তিনি। আর এরই মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাদের একজন স্যার ডন ব্র্যাডম্যানকে। অধিনায়ক হিসেবে ব্র্র্যাডম্যান আটবার ১৫০ এর ওপরে রান করেছেন।

কোহলি ৩৩৬ বল খেলে এই রানের পাহাড় গড়েছেন। এর মধ্যে ২৯৫ তম বলে তিনি পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। ১৩৮ তম ইনিংসে তিনি ২৬ তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। শচিন টেন্ডুলকার পেয়েছিলেন ১৩৬ তম ইনিংসে গিয়ে। ফলে বলাই যায় যে, দৌড়ে খুব একটা পিছিয়ে নেই কোহলি। কোহলির ইনিংসে ছিল ৩৩টি চার ও দু’টি ছক্কা। কোহলি ছাড়াও এদিন হাফ সেঞ্চুরি পেয়েছেন আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন ৫৯ রান করেন। অন্যদিকে সেঞ্চুরি থেকে নয় রান দূরে থাকতেই আউট হয়ে যান জাদেজা।

ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মালিক তিনি আগে থেকেই। তবে, এবারই প্রথমবারের মতো কোনো ভারতীয় অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করলেন।

অধিনায়ক হিসেবে ১৫০-এর ওপর ইনিংস

 ৯   — বিরাট কোহলি (ভারত)

৮ — স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)

৭ — মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ) ও গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)

৬ — রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), বব সিম্পসন (অস্ট্রেলিয়া) ও স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)

৫ — মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত), অ্যালান বোর্ডার

(অস্ট্রেলিয়া), গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড), সুনীল গাভাস্কার (ভারত), ডেভিড গোয়ার (ইংল্যান্ড) ও গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)।