খুদে সাঁতারুদের কলকাকলিতে শুরু শেখ রাসেল ক্লাব কাপ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

উত্সবমুখর পরিবেশে ও খুদে সাঁতারুদের কলকাকলিতে চট্টগ্রামে শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম আউটার স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নবনির্মিত সুইমিংপুলে প্রথম দিনে ১১ স্বর্ণ ও একটি রৌপ্যপদক পেয়ে শীর্ষে রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। পেছনে রয়েছে ইছামতি সুইমিং ক্লাব। ইছামতির অর্জন চারটি স্বর্ণপদক।

এদিকে আমলা সুইমিং ক্লাব ও সাগরখালী সুইমিং ক্লাব তিনটি করে স্বর্ণপদক পেয়েছে। ওয়ান্ডারার্স ক্লাবের মুক্তি খাতুন বালিকা (১৫-১৭) বিভাগের ৪০০ মিটার ফ্রি স্টাইলে, ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক, ৫০ মিটার ফ্রি স্টাইল ও ১০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জিতে সেরার তালিকায় রয়েছে।

অন্যদিকে বালক (১৫-১৭) গ্রুপে একই ক্লাবের আমিরুল ইসলাম ও গোলালগঞ্জ সুইমিং ক্লাবের রবিউল আউয়ালের মধ্যে পদকের জন্য তীব্র লড়াই চলছে। আজ শেষ দিনের অপেক্ষায় রয়েছে সেরার খেতাব কে লাভ করবে।