মা ইলিশ রক্ষায় অভিযান

বিভিন্ন স্থানে আটক জেলেদের জেল-জরিমানা ও ট্রলার জব্দ

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:২৯

মা ইলিশ রক্ষায় চলমান অবরোধের নিষেধাজ্ঞা উপেক্ষা করায় দেশের বিভিন্ন স্থানে জেলে আটক, জেল জরিমানা ও ট্রলার জব্দ করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

চরফ্যাশনে মা ইলিশ বিক্রির উত্সব

চরফ্যাশন (ভোলা) : বৃহস্পতিবার বিকালে মা ইলিশ বিক্রির দায়ে উপজেলা মত্স্য অফিসার মাছসহ একটি ট্রলার আটক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ কিনে নিয়ে যাওয়ার সময় আটক আমির হোসেন, কাশেম, রাকিব ও জসিম নামের চার ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, দণ্ডিত চার জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তজুমদ্দিনে ৯ জেলের জেল-জরিমানা

তজুমদ্দিন (ভোলা) : তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় ২২ হাজার মিটার জাল, দুটি নৌকা ও মাছ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জেলজরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, জাকির হোসেন, করিম, আকবর হোসেন, মো. শাহিন, মাইনুদ্দিন, ফিরোজ, শরীফ, মো. নোমান ও মো. রাজিব। আটক জেলেদের প্রত্যেকের বাড়ির লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুণ্ডের হাওলা গ্রামে।

মনপুরায় নয় জেলে আটক ও

৪০ হাজার মিটার জাল জব্দ

মনপুরা (ভোলা) :মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। শুক্রবার ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মত্স্য বিভাগ, কোস্টগার্ড নেতৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নয় জেলে, একটি মাছ ধরা ট্রলার, ৪০ হাজার মিটার জাল ও ৯ মণ ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন, মো. সাহাবউদ্দিন, বশিরউল্লাহ, হাবিবউল্যাহ, মো. সেলিম, মো. হাসনাঈন, মো. রিপন, মো. আজাদ, মো. সুমন ও মো. রাশেদ।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, মত্স্য অফিসার মো. তারিকুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মা নদীতে নৌকা ভাসায়নি

শিবচরের জেলেরা

শিবচর (মাদারীপুর) : ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য শুরু হয়েছে শিবচরের পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। ইলিশ সম্পদ বৃদ্ধিতে প্রজনন মৌসুমে সরকারি এই অভিযান সফল করতে আগে থেকেই জেলেদের করা হয়েছে সচেতন। তার পরও যারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।