বরিশাল অফিস
বরিশালে তিন দিনের সফরে এসেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। সফরের প্রথম দিন গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন চারণ কবি মুকুন্দদাস প্রতিষ্ঠিত কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় তাকে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সফরের দ্বিতীয় দিন আজ শনিবার সকাল ১০টায় নগরীর অক্সফোর্ড মিশন চার্চ, ক?বি জীবনানন্দ দাশের বাড়ি এবং কড়াপুরের মিয়াবাড়ি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাইকমিশনারের। বিকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। রাত ৮টায় গ্র্যান্ডপার্ক হোটেলের বলরুমে সিটি মেয়রের সৌজন্যে সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন রীভা গাঙ্গুলি দাশ।
তৃতীয় দিন আগামীকাল রবিবার সকাল ৯টায় ঝালকাঠির ভিমরুলির ভাসমান পেয়ারাবাজার এবং দুপর ১টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ভারতীয় হাইকমিশনারের। ঐ দিনই নৌপথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন তিনি। এর আগে গতকাল বিকাল ৫টায় আকাশপথে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশনার। তার স্বামী প্রশান্ত কুমার দাশ এবং ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না ভারতীয় হাইকমিশনারের সফরসঙ্গী রয়েছেন। এদিকে ভারতীয় হাইকমিশনারের অবস্থান এবং চলাচলের পথে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
