ফরিদপুর প্রতিনিধি
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জুম্মার নামাজের পর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আধঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামিউ আজম, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
এসময় আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী নির্যাতনের ঘটনার কোনো বিচার হয় না। যার ফলেই বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি চালুরও দাবি জানান তারা।
