বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেছেন, তার বোন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। জরুরি ভিত্তিতে তার উন্নত চিকিত্সা দরকার। গতকাল শুক্রবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর বাইরে এসে তিনি একথা বলেন।
সেলিমা ইসলাম বলেন, আমরা দেখে এলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ। তিনি কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারেন না। নিজের খাবার নিজে খেতে পারেন না। হাত-পা শক্ত হয়ে গেছে। তার জরুরিভাবে উন্নত চিকিত্সা দরকার।
‘চিকিত্সকরা বলেছেন তিনি সুস্থ আছেন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, সব মিথ্যা কথা। আমরা তো এখনই দেখে এলাম, তিনি কী অবস্থায় আছেন।
তাকে বিদেশে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার যদি চায় তাহলেই তিনি বিদেশে চিকিত্সা নিতে পারবেন। তবে এ বিষয়ে খালেদা জিয়া আমাদের সঙ্গে কিছু বলেননি।
বিএনপি চেয়ারপারসনের মেজো বোন সেলিমা ইসলাম, ছোটো ভাই শামীম ইস্কান্দার, শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতিমা, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, অরিক ইস্কান্দারসহ পরিবারের ছয় সদস্য বিএসএমএমইউর কেবিন ব্লকে কারা হেফাজতে চিকিত্সাধীন খালেদা জিয়ার কক্ষে গিয়ে দেখা করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেন।
