ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০০:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অপারেশন পরবর্তী স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হয়েছে এবং তার হূদ্যন্ত্রের কার্যক্ষমতা ক্রমশ বাড়ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিত্সক দলের প্রধান ডা. ফিলিপ কোহ সন্তোষ প্রকাশ করে বলেন, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য স্থিতিশীল রয়েছে এবং প্রতিটি প্যারামিটার আশানুরূপ উন্নতি করেছে। বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিত্সার জন্য বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর গেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাত সাড়ে দশটায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটযোগে ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।

গত ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এর আগে গত ২ মার্চ ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হূদিপণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিত্সক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন। ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। ২০ মার্চ ঐ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিত্সা শেষে ১৫ মে সন্ধ্যায় দেশে ফিরে আসেন ওবায়দুল কাদের।