জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শত বছরের বেশি পুরোনো ৩৪টি মুদ্রা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার আক্কেলপুর থানার পুলিশ উপজেলার গণিপুর উত্তরপাড়াগ্রাম থেকে মুদ্রাগুলো জব্দ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গণিপুর উত্তরপাড়া গ্রামের একটি পুরোনো বাড়ি ভাঙার সময় শ্রমিকেরা মাটির দেয়াল খুঁড়তে গিয়ে একটি ছোট্ট পাতিলের ভেতরে কিছু মুদ্রা পান। শ্রমিকরা কাউকে না জানিয়ে তারা লুকিয়ে রাখেন। পরে কুড়িয়ে পাওয়া মুদ্রাগুলোকে ‘গুপ্তধন’ বিবেচনা করে শ্রমিকরা নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। পরে ঘটনাটি জানাজানি হয়। মুদ্রাগুলো নিয়ে এলাকায় চ্যঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। মুদ্রাগুলো একনজর দেখতে ছুটে আসেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত ঘটনাটি পুলিশের নজরে আসে। পুলিশ বৃহস্পতিবার বিকেলে তিনজন শ্রমিক ও একজন গ্রামবাসীর কাছ থেকে ৩৪টি মুদ্রা জব্দ করে থানায় নিয়ে যায়। শুক্রবার দুপুরে পুলিশ মুদ্রাগুলো স্থানীয় সাংবাদিকদের দেখায়। মুদ্রাগুলোতে ১৮৮২, ১৮৮৭, ১৮৯১, ১৮৯২, ১৯০৫, ১৯০৭ ও ১৯১২ সাল লেখা রয়েছে।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ওবায়দুল কাদের
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) কিরণ কুমার রায় বলেন, উপজেলার গণিপুর উত্তরপাড়া গ্রামের একটি মাটির বাড়ি ভাঙ্গার সময় শত বছরের পুরনো পয়সা(মুদ্রা) উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
