নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার রাতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩৫০টি বিভিন্ন ব্যান্ডের স্মার্টফোন, নয়শটি সাধারণ মোবাইল এবং ছিনতাই করা নগদ ২২ হাজার ছয়শ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), মো. আ. ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আলী (৪৫) ও মো. শাহজাহান (১৮)।
আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় কাউন্সিলর মিজান ৭ দিনের রিমান্ডে
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় গার্মেন্টস কর্মী, সাধারণ যাত্রীর ছদ্মবেশে পোশাক শ্রমিক ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছিল। ছিনতাই করা মালামাল সাজ্জাদ হোসেন নামের একজনের কাছে নিয়ে আসতো। সাজ্জাদ ওই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুদ রেখে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করতো। সাজ্জাদ এই চক্রের মূলহোতা।
র্যাব-১১ আরও জানায়, তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এসি
