দুর্নীতির অভিযোগে শরণখোলার স্বাস্থ্য কর্মকর্তাকে বদলি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:২৯

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনকে বদলি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসা বদলির আদেশে তাকে তিন কার্যদিবসের মধ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর তার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শরণখোলা মানবকল্যাণ সোসাইটির ব্যানারে মানববন্ধন করে এলাকাবাসী। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান বদলি বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে শরণখোলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনকে বদলি করা হয়। 

আরো পড়ুন: নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত ৪

শরণখোলা মানব কল্যাণ সোসাইটির আহবায়ক জাহাঙ্গীর আলম শিকদার বলেন, ডা. জামাল মিয়া শোভন মাত্র কয়েক মাস আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে যোগদান করার পর থেকেই দুর্নীতি শুরু করেন। তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অফিসকালীন ফি আদায়, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসা সনদে সাক্ষর করতে টাকা নেওয়াসহ হাসপাতালটিতে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন। তার বদলি হওয়ায় শরণখোবাসী স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা পেয়েছে।

এ ব্যাপারে ডা. জামাল মিয়া শোভনের সঙ্গে কথা বলার জন্য তার মোবাইলে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ইত্তেফাক/জেডএইচ