মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীর রায়পুর ইউনিয়নে ছয় বছরের শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। ছকরিকান্দি গ্রামের এরশাদ মৃধার পুত্র মেহেদীর বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন ঐ শিশুটির পিতা। গতকাল শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী শিশুটির পিতা জানান, শুক্রবার বিকালে তিনি ও তার স্ত্রী স্থানীয় মাঝকান্দি বাজার থেকে ফিরে তাদের শিশু কন্যাকে খুঁজে না পেয়ে মসজিদে মাইকিং করেন। পরে স্থানীয়রা জানান, মেহেদী তার শিশুকে মসজিদের পাশে একটি বাগানের দিকে নিয়ে গেছে। বাগানের মধ্যে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘আমার কন্যার মুখে ঘটনা জানতে পেরে মেহেদীর বাড়িতে গেলে তারা আমাদের মারধর করেন।’
মধুখালী থানার ওসি মো. সাইফুল আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। সিনিয়র এএসপি (মধুখালী সার্কেল) মো. আনিসউজ্জামান লালন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটিকে বাগানের মধ্যে নিয়ে যৌন নিপীড়ন করা হয়েছে। থানায় মামলা হয়েছে, তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
