রোনালদোর ৬৯৯তম গোল

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:০৯

চূড়ান্ত পর্বের পথে ইউক্রেন, পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

নিজ মাঠে  জয়ের সুবাদে শিরোপাধারী পর্তুগাল ও দুর্দান্তপনার মধ্যে থাকা ইউক্রেন আগামী বছর অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার দ্বারপ্রান্তে পৌঁছেছে। গত শুক্রবার রাতে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালের ৩-০ জয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো আর একবার লক্ষ্যভেদ করতে পারলেই তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াবে ৭০০। বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে ৯৪তম গোল করেন জুভেন্তাসের এই স্ট্রাইকার। তাতে জাতীয় দল ও ক্লাব মিলিয়ে তার গোল দাঁড়ালো ৬৯৯। বিরতির পর খেলা শুরু হলে গোলটি করেন তিনি। তার আগে বার্নার্দো সিলভা প্রথমার্ধ্বে দলের পক্ষে গোলের সূচনা করেন। গনচালো গুয়েদের শেষ গোলটি করেন ৮৯তম মিনিটে।

আর মাত্র ১৫টি গোল পেলে ৩৪ বছরের রোনালদো সর্বকালের হিসেবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইরানি স্ট্রাইকার আলি দায়েইর সমকক্ষ হবেন। আলি দায়েই অবসর নেওয়ার আগে ১০৯ গোল করেছিলেন।

এই তিন পয়েন্টের সুবাদে পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে ইউক্রেন আছে গ্রুপের শীর্ষে। এদিন ইউক্রেন ২-০ গোলে হারায় লিথুনিয়াকে। আগামী সোমবার কিয়েভে মুখোমুখি হবে ইউক্রেন ও পর্তুগাল।

ইউক্রেন এ খেলাটিতে হার এড়ালেই চূড়ান্ত পর্বে উঠে যাবে। এই গ্রুপে পাঁচ খেলায় সাত পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছে সার্বিয়া। কাগজে কলমে এখনো পর্তুগালকে চাপে রাখার সুযোগ আছে সার্বিয়ার। সেক্ষেত্রে আশা জিইয়ে রাখতে হলে লিথুনিয়ার বিরুদ্ধে পরের খেলায় জিততেই হবে সার্বিয়দের।

ইংল্যান্ডকে থামাল চেকরা

বাছাই পর্বে টানা ৪৩ খেলায় অপরাজিত থাকা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিল চেক প্রজাতন্ত্র। গত শুক্রবার রাতের এ হারে কোচ গ্যারেথ সাউথগেটের দলকে ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে।

প্রাগে স্বাগতিক চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে হ্যারি কেইনের পেনাল্টিতে দেওা গোলে ইংল্যান্ড পঞ্চম মিনিটেই এগিয়ে গিয়েছিল। কিন্তু চেকরা চার মিনিটের মধ্যে সমতা ফেরায়। এরপর ৮৫তম মিনিটে দ্বিতীয় গোলটি করে। অথচ জয় পেলে এই রাতেই নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের চূড়ান্ত পর্বে ওঠা।

কোচ সাউথগেট অবশ্য ১০ বছরের মধ্যে এই প্রথম বাছাই পর্বে ইংল্যান্ডের হারের জন্য নিজে দায় নিয়েছেন। তিনি বলেন, ‘ব্যাপারটা স্রেফ এই যে আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমরা খুব সহজেই বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। বিশেষ করে প্রথমার্ধ্বে আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।’ তিনি এও জানান যে এটা ছিল তাদের জন্য সতর্ক সংকেত। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে জিতেছে আইসল্যান্ডের মাঠে।