শিগিগরই নিরাপত্তা পরিদর্শক পাঠাবে বিসিবি

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৫

তিন দলের পাকিস্তান

সফর

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর রয়েছে ফেব্রুয়ারিতে। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি টি-২০ খেলার কথা বাংলাদেশ দলের। সাকিব-তামিমদের আগে পাকিস্তান সফর করবে বাংলাদেশের আরো দুটি দল। চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

নারীদের দলটা ২৩ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে দুটি ওয়ানডে, তিনটি টি-২০ খেলবে সালমা-রুমানারা। নারী দলের একদিন আগে (২২ অক্টোবর) পাকিস্তানের উদ্দেশ্যে দেশত্যাগ করবে বিসিবি অনূর্ধ্ব-১৭ দল। পাকিস্তানের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে এই কিশোররা।

জাতীয় দলের সফরে কিছুটা অনিশ্চয়তা থাকলেও চলতি মাসে নারী দল, বিসিবি অনূর্ধ্ব-১৭ দলের পাকিস্তান সফর প্রায় নিশ্চিত। যদিও তিন দলেরই সফরে শঙ্কার জায়গা পাকিস্তানের নিরাপত্তা। সম্প্রতি শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিরাপত্তা আয়োজনের পরিকল্পনা পাঠিয়েছে বিসিবিকেও। পিসিবির নিরাপত্তা আয়োজন পরিদর্শন করতে প্রতিনিধিদল পাঠাবে বিসিবি। খুব শিগগিরই পাকিস্তানে যাবে একটি পরিদর্শক দল।

গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, দুই সদস্যের পরিদর্শক দলে থাকবে না বিসিবির কোনো প্রতিনিধি। দেশের দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা যাবেন পাকিস্তানে। ইতিমধ্যে দুটি সংস্থার কাছে নাম চেয়েছে বিসিবি। কয়েকদিনের মধ্যেই তাদের পাকিস্তানে যাওয়ার বিষয়টি নিশ্চিত। তবে তাদের দেশত্যাগের চূড়ান্ত দিনক্ষণ নিশ্চিত করতে পারেনি বিসিবির ঐ সূত্র।

বিসিবির দুই পরিচালকও জানালেন, দ্রুতই পাকিস্তানে নিরাপত্তা পরিদর্শক দল যাবে। তারাও নির্দিষ্ট দিনের কথা জানাতে পারেননি। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, সরকারি সংস্থা থেকে নিরাপত্তা কর্মকর্তা যাবেন পাকিস্তানে। তাদের রিপোর্ট ইতিবাচক হলেও জাতীয় দল পাঠানোর আগে সরকারের অনুমতি নিবে বিসিবি।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলও গতকাল বলেছেন, নারী দলের পাকিস্তান সফরের তারিখ ঠিক হয়েছে। সালমাদের যাওয়ার আগেই নিরাপত্তা পরিদর্শক দল যাবে পাকিস্তানে। এই সফরের জন্য এখন কক্সবাজারে ক্যাম্প চলছে নারী দলের।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এখন দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই নাকি এ বিষয়ে সিদ্ধান্ত হবে। গতকাল আকরাম খান বলেছেন, ‘সিইও এখন দেশের বাইরে আছেন। তিনি আসার পর জানা যাবে। আমাদের একদল প্রতিনিধি হয়তো কিছুদিনের মধ্যে যাবে। সরকারি সংস্থা থেকে যাবে। উনাদের প্রতিবেদনের পর আমরা কাজটা করব।’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিরুদ্ধে আরব আমিরাতে দ্বিপাক্ষিক সিরিজ খেলে থাকে পাকিস্তান। কিন্তু বরাবরই বাংলাদেশকে চাপ দেয় পাকিস্তানের মাটিতে সিরিজ খেলার জন্য। বিসিবির কর্তারাও সেটি বুঝতে পারছেন। আকরাম খান বলেছেন, নিজেদের ভালোটাই বেছে নিবে বিসিবি।

বিসিবির এই পরিচালক গতকাল বলেছেন, ‘সেটা বুঝি এবং বুঝতে পারি। এখানে তো আসলে করার কিছু নাই। যেটা আমাদের ভালো হবে, আমরা সেটাই চিন্তা করি। তারা কী করছে, সেটা আমরা চিন্তা করি না। সেটা ভেবেও লাভ নেই।’

পরিদর্শক দল পাঠালেও শেষ পর্যন্ত সরকারের অনুমতি নিয়েই পাকিস্তানে দল পাঠাবে বিসিবি। আকরাম খান বলেছেন, ‘একটা কথা বারবার বলছি যে, জাতীয় দলের যাওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতিও লাগবে। সেটার জন্যই আমরা অপেক্ষা করছি। যদি সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত আসে, তাহলেই আমরা এগোব।’