বুয়েট ছাত্র হত্যা নিয়ে বিএনপি উস্কানি দিচ্ছে -------------- নাসিম

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:২৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়টি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবিও বুয়েট প্রশাসন মেনে নিয়েছে। অথচ বিএনপি এই হত্যাকাণ্ড নিয়ে নানাভাবে উসকানি দিচ্ছে। পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপি বরাবরই নেতিবাচক রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল শনিবার বিকালে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের সিরাজগঞ্জের মুলিবাড়িতে স্থাপিত জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাম্প্রতিককালে ভারত সফর ও চুুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি এই চুক্তি নিয়ে       মিথ্যাচার করছে। তারা ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অনেক চুক্তি করেছে। অথচ এই বিএনপি এখন প্রতিবেশী দেশ ভারত - বাংলাদেশের চুক্তি নিয়ে মিথ্যাচার করছে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বঙ্গবন্ধু কন্যা একমাত্র রাষ্ট্রনায়ক যিনি দেশের স্বার্থ বিকিয়ে কোনো চুক্তি করতে পারেন না। এ সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।