হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাসে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মানিক মোল্লা নামে এক সুপারভাইজারকে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। উল্লেখ্য এর আগেও চলন্ত বাসে এ ধরনের ঘটনা ঘটেছে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, বানিয়াচং উপজেলার একটি পরিবার এনা পরিবহনের বাসে হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর পার হলে সুপারভাইজার ঐপরিবারের এক শিশুকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিত্কারে বাবা-মা ও বাসের অন্য যাত্রীরা এগিয়ে যান। তারা ছাত্রীকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেন। এ সময় যাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গাড়িটি আটক করে সুপারভাইজারকে গ্রেফতার করে। ছাত্রীর পিতা জানান, তিনি ঢাকার টঙ্গীতে একটি ফুলের বাগানে কাজ করেন। তার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। ওসি আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে সুপারভাইজার মানিক মোল্লাকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেছেন।
উল্লেখ্য সুপারভাইজার মানিক মোল্লা নোয়াখালীর সোনাইমুড়ির কাবিলপুর গ্রামের নাজির মিয়ার পুত্র। তার দুই স্ত্রী রয়েছে।
