আজ বলেশ্বর নদের শাখা কচাঁ নদী তীরবর্তী উপকূলীয় অঞ্চল পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাণ্ডারিয়ার ইকড়িতে একটিসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মোট ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। তিনি আরো জানান, ভাণ্ডারিয়ায় ঝড়, জলোচ্ছ্বাসে মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বিভিন্ন অঞ্চলে যে ১০০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করবেন তার মধ্যে ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নে একটি রয়েছে। এটিতে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম যেমন চলবে তেমনি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন জানান, ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৮৪১ টাকা ৬০ পয়সা ব্যয়ে নির্মিত তিন তলাবিশিষ্ট ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হবে। ৭ হাজার ৯৬০ বর্গফুট আয়তনের এ ভবনে একত্রে ৮৫০ জন মানুষ, ৩ হাজার গবাদি পশু রাখার ধারণ ক্ষমতা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর এবং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালন করা হবে। এ সময় শোভাযাত্রা এবং দুর্যোগ হলে কীভাবে তাত্ক্ষণিক সবাইকে রক্ষা করা যায়, সে বিষয়ে মহড়া অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা। সভাপতিত্ব করবেন ভাণ্ডারিয়ার ইউএনও। এছাড়া বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
