বিয়ের দুই মাস পর লাশ হলেন মুনিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২২:৩৪

ঝালকাঠির রাজাপুরে মুনিয়া (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া ঈদগা মাঠ সংলগ্ন গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, ব্রেনস্টোকে মুনিয়ার মৃত্যু হয়েছে।

নিহত মুনিয়া পার্শ্ববর্তী উপজেলা ভান্ডারিয়ার রাজপাশা গ্রামের মো. সোহবার হাওলাদারের মেয়ে ও রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মো. মতিয়ার রহমান মোল্লার ছেলে মো. সুমন মোল্লার স্ত্রী।

মুনিয়ার ভাই মো. সোলায়মান ও মা নাসিমা বেগম জানায়, দুই মাস পূর্বে রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মো. মতিয়ার রহমান মোল্লার ছেলে মো. সুমন মোল্লার সাথে মুনিয়ার প্রেমের সম্পর্ক মাধ্যমে বিবাহ হয়। যশোরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সুবাদে তারা যশোরের রানির হাট এলাকায় বসবাস করতো। স্বামী সুমন শুক্রবার দিবাগত রাত ৯ টায় মোবাইল ফোনের মাধ্যমে মৃতের পরিবারকে জানায় মুনিয়ার ব্রেনস্টোক হয়েছে। ভোর রাতে যশোর থেকে মুনিয়ার মৃতদেহ নিয়ে স্বামী সুমন রাজাপুরের নিজ বাড়িতে আসে। মৃতদেহ দেখে সন্দেহ হলে অভিযোগ নিয়ে শনিবার দুপুরে রাজাপুর থানায় আসে মুনিয়া পরিবার। অভিযোগ পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরো পড়ুন: সৈকতে ময়লা কুড়ালেন মোদী

মুনিয়ার শাশুড়ি নুরবানু জানায়, তার পুত্রবধূ মুনিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরে। তার ছেলে সুমন মুনিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ