তরুণদের কাছে আরো বেশি স্মার্টফোন পৌঁছাতে এবার কিস্তিতে কেনার সুযোগ দিতে যাচ্ছে স্যামসাং। কোনো ডাউন পেমেন্ট ছাড়াই বছরব্যাপী কিস্তিতে এই ফোন কেনার সুযোগ পাবেন তরুণরা। বাংলাদেশে সংযোজনের এক বছর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব। বিশ্বে কোথাও স্যামসাং এই ধরনের সুযোগ না দিলেও বাংলাদেশে অনুমোদন দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে স্যামসাং এর সকল শো রুমে এই সুযোগ মিলবে বলে আয়োজকরা জানিয়েছেন।
স্যামসাং বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন খাতে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশটি প্রযুক্তি হাবে পরিণত হওয়ার পথে রয়েছে।
ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন বলেন, বর্তমানে বাজারে যে স্যামসাং স্মার্টফোন পাওয়া যায় তার ৯০ থেকে ৯৫ ভাগই দেশে উত্পাদিত। গত এক বছরে দেশের কারখানায় ১৫ লাখ সেট উত্পাদন হয়েছে। কিছুদিনের মধ্যে ফ্লাগশিট ও নোট সিরিজ এখানে উত্পাদিত হতে যাচ্ছে। ট্যাব তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরেই এগুলো বাজারে পাওয়া যাবে।
বাংলাদেশের ফ্যাক্টরিতে উত্পাদিত সব হ্যান্ডসেটই ফোরজি স্মার্টফোন। হ্যান্ডসেটগুলোর বাজার মূল্য সর্বনিম্ন সাড়ে ৭ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা। এগুলোর মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন গ্যালাক্সি এম সিরিজ এবং প্রায় সকল গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটগুলোও রয়েছে। রুহুল আলম আল মাহবুব বলেন, আমদানিকৃত হ্যান্ডসেট কিনতে যেখানে একজন গ্রাহককে ১৪ হাজার টাকা দিতে হতো, সেখানে দেশে সংযোজনের ফলে সেই সেট ১০ হাজার টাকায় তারা কিনতে পারছেন।
