মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ ধরার দায়ে ১০ জেলের ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এ রায় দেন।
এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. ইদ্রিস তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার ও লৌহজং থানা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
দণ্ডপ্রাপ্তরা হল- লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামের যোগেশ রাজবংশীর ছেলে লিঙ্কন রাজবংশী (১৮), একই গ্রামের কৃষ্ণ রাজবংশীর ছেলে টুটুল রাজবংশী (১৮), মৃত আবদুর রাজ্জাক মোল্লার ছেলে আনোয়ার হোসেন (২৬), মৃত হরিসাধন রাজবংশীর ছেলে জয়রাম রাজবংশী (৫০), মালির অংক গ্রামের মজিবর ঢালীর ছেলে স্বপন ঢালী (৩০), একই গ্রামের মৃত বারেক মোড়লের (দরগা) ছেলে স্বপন মোড়ল (৪৪), জব্বর মৃধার ছেলে নাহিদ মৃধা (৩৫), মজিবর সরদারের ছেলে আমির হোসেন (৩০), হাড়িদিয়া গ্রামের মৃত জবেদ আলী চৌকিদারের ছেলে আবদুল জলিল চৌকিদার (৪৮), সুন্দিসার গ্রামের সিকিম আলী গাজীর ছেলে সোহেল গাজী (৩০)।
আরো পড়ুন: বাসর ঘরে থেকে জেলখানায় বর
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও মাছ ক্রয়ের ৮৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯ টি মাছ ট্রলার পদ্মা নদীতে ডুবিয়ে বিনষ্ট এবং ৩টি ট্রলার জব্দ করা হয়। মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত থাকবে। যাতে করে লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে মা ইলিশ ধরতে, ক্রয়-বিক্রয় ও বহন করতে না পারে।
ইত্তেফাক/বিএএফ
