চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন একজন।শনিবার রাতে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন, নীলফামারী জেলার ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২২) ও সীতাকুণ্ডের বাড়বকুড় ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ মাসুদ (২০)। আহত শ্রমিকের নাম মারজান।
আরও পড়ুন: রামেক মর্গে মোমবাতি জ্বালিয়ে ময়নাতদন্ত!
স্থানীয়রা জানায়, সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা সাগর পাড়ে অবস্থিত মোঃ মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামক শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিত করা একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিল কিছু শ্রমিক। এর মধ্যে কয়েকজন শ্রমিক বিকাল ৫টার দিকে তেলের ট্যাংকিতে প্রবেশ করে তেল নিষ্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মাসুদকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার এএসআই মোঃ আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়া দুই শ্রমিককে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআরএম
