কুষ্টিয়ায় যেতে বিএনপি কেন্দ্রীয় নেতাদের পুলিশি বাধা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:৫৬

কুষ্টিয়ায় কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সমাবেশ, জেলা বিএনপির কার্যালয়ে সভা ও নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের পরিবারকে সান্ত্বনা দিতে রওনা হয়েছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলের কয়েকজন নেতা। বিএনপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, পুলিশি বাধায় তা ভেস্তে গেছে। রবিবার সকাল ১১টা ৪০ মিনিটে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর ভেড়ামারা অংশের টোল প্লাজা থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। 

জানা গেছে, আমান উল্লাহ আমানের গাড়ি সকাল ১১টা ২৫ মিনিটে লালন শাহ সেতুর ভেড়ামারা টোল প্লাজায় পৌঁছলে ১১টা ৪০ মিনিটে পুলিশের বাধায় গাড়িটি পুনরায় ঢাকার অভিমুখে ফেরত যায়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

আমান উল্লাহ আমান বলেন, আমরা এসেছি, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শান্তিপূর্ণভাবে সমাবেশ করবো। জেলা বিএনপির কার্যালয়ে যাবো। আমরা শহীদ আবরাবের বাড়িতে যাবো। তার বাবা-মার সঙ্গে কথা বলবো। কিন্তু হলো না। আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, অধ্যাপক শহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি মেহেদী আহমেদ রুমি, সাধারণ সম্পাদক সোহবার উদ্দিন।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। পরে তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ইত্তেফাক/এসি