‘সবাই সেরাটা দেয়ার চেষ্টা করেছে’

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:১৮

এই তো বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডের সিরিজে ধবলধোলাই হয়ে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পরে ঘরের মাঠে আফগানিস্তানের কাছেও একমাত্র টেস্টে হেরেছিল বাংলাদেশ। ত্রিদেশীয় টি-২০ সিরিজে যুগ্ম চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশের ক্রিকেটের নড়বড়ে চিত্রটা অব্যাহত রয়েছে।

শ্রীলঙ্কা সফর থেকে ফিরে গতকাল বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, দেশের ক্রিকেটে ছন্দ ফেরানোর চেষ্টাই করেছেন তারা। মিঠুনের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের দুটি ম্যাচ ড্র করলেও ওয়ানডে সিরিজ জয়টা স্বস্তি এনে দিয়েছে দলের মাঝে। গতকাল সকালে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে ‘এ’ দল।

মিরপুর স্টেডিয়ামে গতকাল মিঠুন বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সিরিজ ছিল। কারণ আমাদের মধ্যে যে জিনিসটি কাজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সময়টা সবমিলিয়ে এখন ভালো যাচ্ছে না। আমাদের সবার একটা ব্যাপার ছিল যে, কিছু একটা করি যেন ক্রিকেটের ছন্দ আবার ফিরে আসে।’ দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় এসেছে এই সিরিজ জয়। ‘এ’ দলের অধিনায়ক গতকাল বলেছেন, ‘জাতীয় দল না হোক, এ দল তো জাতীয় দলের পরেই। শ্রীলঙ্কার সঙ্গে যদি আমরা ওদের মাটিতে জিততে পারি তাহলে এটা আমাদের জন্য অবশ্যই অনেক বড়ো পাওয়া হবে। সবাই সবার দিক থেকে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সবার প্রচেষ্টার কারণেই হয়তো ফলাফলটি পাওয়া গেছে।’ লঙ্কান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছিল মিঠুন বাহিনী। ব্যাটিং ভরাডুবিতে ১১৬ রানে গুটিয়ে গিয়েছিল ‘এ’ দল। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। শেষ দুই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে ১ উইকেটে ও তৃতীয় ম্যাচে ডিএল মেথডে ৯৮ রানে জয় পায় মিঠুনের দল। শেষ ম্যাচে সাইফ হাসানের সেঞ্চুরিতেই ৩২২ রানের বড়ো স্কোর গড়েছিল বাংলাদেশ। সাইফ হাসান ১১০ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন।

গতকাল দেশে ফিরে ডানহাতি এই ওপেনার বলেছেন, ব্যাট হাতে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি। সাইফ হাসান বলেছেন, ‘আসলে প্রিমিয়ার লিগ থেকে আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। সেখান থেকেই আসলে নিজের একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগে যেমনটা খেলার চেষ্টা করেছি তার পরবর্তী যে টুর্নামেন্টগুলো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে ভালো হয়েছে। আবার ভারতেও কিছু ইনিংস ভালো ছিল। যে সুযোগটি পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করছি।’ ধারাবাহিকভাবে রান করে যাওয়া এই ওপেনারের নজর আছে জাতীয় দলের দিকে। তবে এখন নিজের কাজটাই করে যেতেন চান তিনি। জাতীয় দলে সুযোগ পাওয়া সম্পর্কে এই তরুণ বলেছেন, ‘সুযোগ পাওয়াটা সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করছে। যদি ভালো খেলতে থাকি ইনশাল্লাহ সুযোগ আসবে। আমার কাজ পারফরম করা। চেষ্টা করব পারফরম করে যাওয়ার।’

দুই-এক দিন বিশ্রাম নিলেও জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেই দেখা যাবে শ্রীলঙ্কা থেকে ফেরা ‘এ’ দলের ক্রিকেটারদের। দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১৭ অক্টোবর।