আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দেশের বাইরে এটিই ছিল বাংলাদেশের শেষ সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজটা সফলভাবেই শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। নিউজিল্যান্ড সফরের শেষটাও জয়ের আবিরে রাঙিয়েছে যুবদল। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে পরাজিত করেছে আকবর আলীর দল। পাঁচ ম্যাচের সিরিজটা ৪-১ এ জিতল বাংলাদেশ।
গতকাল বার্ট সাটক্লিফ ওভালে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১৬ রানের বড়ো স্কোর গড়ে বাংলাদেশের যুবারা। ওপেনিংয়ে ১২০ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। যা বড়ো রানের ভিত গড়ে দেয়। ইনিংসের ১৬তম ওভারে তানজিদ আউট হন। ৫৯ বলে ৭১ রানের (১১ চার, ২ ছয়) ঝড়ো ইনিংস খেলেন এই ওপেনার। পারভেজ ফিরেন ৪৮ রান করেন।
পরে মাহমুদুল হাসান জয় ১৫, শাহাদাত হোসেন ৪৮, আকবর আলী ১৪, তানজিম হাসান সাকিব ১০ রান করেন। শেষ দিকে অভিষেক দাসের ৩৬ বলে অপরাজিত ৪৮, রকিবুল হাসানের অপরাজিত ১৩ রানে ৩০০ পার হয় বাংলাদেশের স্কোর। কিউইদের পক্ষে লেলম্যান দুটি, ক্লার্ক, জ্যাকসন, তাসকফ, ডিকসন, প্রিঙ্গল একটি করে উইকেট পান। জবাবে ৪৩.৪ ওভারে ২৪৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড যুব দল। বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৪৩ রানে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনে বড়ো ধাক্কা দেন। পোমারে ১৮, লেলম্যান ৫৬, তাসকফ ৩৯, ম্যাকেঞ্জি ৪৭, সান্ডি ২৬, প্রিঙ্গল ১৬, ক্লার্ক অপরাজিত ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে রকিবুল হাসান ২টি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও শামীম হোসেন একটি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩১৬/৮ (তানজিদ হাসান তামিম ৭১, পারভেজ ৪৮, মাহমুদুল হাসান জয় ১৫, শাহাদাত হোসেন ৪৮, আকবর আলী ১৪, তানজিম হাসান সাকিব ১০, অভিষেক দাস ৪৮*, রকিবুল ১৩*; লেলম্যান ২/১২)
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৪৩.৪ ওভারে ২৪৩ (পোমারে ১৮, লেলম্যান ৫৬, তাসকফ ৩৯, ম্যাকেঞ্জি ৪৭, সান্ডি ২৬, প্রিঙ্গল ১৬, ক্লার্ক ২১*, জ্যাকসন ২*; শরীফুল ৫/৪৩, রকিবুল ২/৫৫, শামীম ১/৩৬, তানজিম হাসান ১/৩৮, অভিষেক দাস ১/৫৮)। ফলাফল :বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭৩ রানে জয়ী
সিরিজ :বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪-১ ব্যবধানে জয়ী।
