‘আকাশি রঙ’ শীর্ষক নতুন গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান শিল্পী মেহরাব। স্কুলের ঘনিষ্ট বন্ধু শোয়েব লিয়াকতের লেখা ও সুর করা গানটি ১১ অক্টোবর রিলিজ পেয়েছে মেহরাবের নিজস্ব ইউটিউব চ্যানেলে। সংগীত পরিচালনা করেছেন মেহরাব নিজেই। এর আগে আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে এই বছর মার্চে রিলিজ হয় ‘আমি তো শুধু ভালোবাসতেই চাই’ ও এপ্রিলে এসেছিল পহেলা বৈশাখ নিয়ে গান ‘এলোরে বৈশাখ’। মেহরাব বলেন, ‘ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আরো কিছু কাজ হাতে আছে। আরেকটু গুছিয়ে ক্রমান্বয়ে গানগুলো রিলিজ দেওয়া হবে। এ সময় আমার ইউটিউব চ্যানেলে নতুন গানগুলো শোনা যাবে।’ নিজের সুর ও সংগীতায়োজনে প্রথম একক অ্যালবাম ‘সাইরেন’ প্রকাশ পেয়েছিল ২০১০ সালে। ২০১৬ সালে জনপ্রিয় সংগীত পরিচালক পার্থ মজুমদারের সুর ও সংগীতে ‘সঙ্গীতা’ ব্যানার থেকে তাদের ইউটিউব চ্যানেলে তিনটি এক্সক্লিউসিভ গান রিলিজ হয় শিল্পী মেহরাবের।
