‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন জ্ঞানভিত্তিক সমাজ গঠন করা’

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২০:৫২

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে আমাদের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার রাতে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার ২’ এর জাতীয় স্টার্টআপ ক্যাম্পের শেষ দিন অংশগ্রহণকারী ৭৫টি স্টার্টআপকে সার্টিফিকেট প্রদানের পর এ কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রতিটি শিশু-কিশোর-তরুণ ছাত্র প্রজন্মের সন্তানেরা মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর হবে। ডিজিটাল বাংলাদেশের সুফল ধনী-দরিদ্র, শহর-গ্রাম সকল মানুষ সমানভাবে পাবে আর সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের অনেক প্রোডাক্ট দরকার।

আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সময় প্রবেশ করেছি যেখানে প্রতিটি দিন পরিবর্তন হচ্ছে প্রতিটি মুহূর্ত পরিবর্তন হচ্ছে। মানুষের কাজ রোবট করছে, মানুষের কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে। তাই আমাদের এখন আরো বেশি জ্ঞানভিত্তিক সমাজের দিকে নজর দিতে হবে। গবেষণার দিকে নজর দিতে হবে। এ বছরই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্টার্টআপদের জন্য ১০০ কোটি টাকা এই অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, তোমরা জানো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করব ২০২০-২১। মুজিববর্ষে আমরা অন্তত ১০০ ঘণ্টা অতিরিক্ত কাজ করব। আমরা চাই তাদের জন্য নতুন একটি ইকোসিস্টেম তৈরি করব। আজকে বিকেএসপি থেকে যেরকম সাকিব আল হাসান বের হয়েছে ঐরকমভাবে ভবিষ্যতে আইসিটি সেক্টর থেকে সাকিব আল হাসান বের হবে।

তিন দিনের জাতীয় স্টার্টআপ ক্যাম্প শেষে শনিবার পিচিং-এর মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩০ স্টার্টআপকে। পরবর্তীতে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির মাধ্যমে বাছাই করা হবে শীর্ষ ১০ স্টার্টআপকে। যারা প্রত্যেকে ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট’ হিসেবে পাবে ১০ লাখ টাকা করে অনুদান। সেই সঙ্গে শীর্ষ ৩০-এ থাকা অপর ২০ স্টার্টআপ রানারআপ হিসেবে আইডিয়া প্রকল্প থেকে গ্রুমিং ও বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো প্রস্তুত হলে তাদের জন্যও অনুদান প্রদান করবে আইডিয়া প্রকল্প।

শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তা খোঁজার এই আয়োজনটি গত ১৫ সেপ্টেম্বর ২০১৯ আইসিটি টাওয়ারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে।

আইডিয়া প্রকল্প সংক্রান্ত বিস্তারিত স্টার্টআপ বাংলাদেশের ওয়েবসাইট www. startupbangladesh. gov.bd পাওয়া যাবে।