পাবনার সুজানগরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যাসহ জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাজিরগঞ্জ-ভাটিকয়া সড়কসহ বিভিন্ন সড়কের কার্পেটিং উঠে গিয়ে চলাচল ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের অভ্যন্তরে অন্তত দুই শতাধিক পাকা সড়ক রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে গত ১০-১২ বছর আগে ঐ সব সড়ক পাকা করা হয়।
উপজেলার নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খানসহ ভুক্তভোগী এলাকাবাসী জানান, ১০-১২ বছর আগে পাকা করা সড়কগুলোর অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে ছোটো-বড়ো অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়কের ইট-সুরকি উঠে মাটি বের হয়ে গেছে।
অথচ সড়কগুলো দিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের হাজার হাজার মানুষ দৈনন্দিন প্রয়োজনে মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও স্থানীয় তিন চাকার অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে জেলা ও উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কৃষকরা ঐ সড়কগুলো দিয়ে মহিষের গাড়ি এবং ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনে তাদের কৃষিপণ্য ঘরে তোলেন। পাশাপাশি এলাকার শিক্ষার্থীরাও সড়কগুলো দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘ঐ সব সড়কের মধ্যে ৩২টি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠিয়েছি। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।’
