ধলাই নদীর ওপর পাকা সেতু না থাকায় জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২১

নেত্রকোনা পৌর এলাকার পশ্চিম মঈনপুর এলাকা দিয়ে প্রবাহিত ধলাই নদীর ওপর পাকা সেতু না থাকায় জনদুর্ভোগ চরমে। পৌর এলাকার মগড়া এবং ধলাই নদীর ওপর ও পৌরসভার বেশ কয়েকটি পাকা নেতু নির্মাণ করে দিলেও অদ্যাবধি পশ্চিম মঈনপুর এলাকায় নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হয়নি। বর্তমানে এই নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে লোকজন পারাপার হচ্ছেন।

স্বাধীনতার ৪৭ বছর পার হলেও ঘনবসতিপূর্ণ এই এলাকা দিয়ে প্রবাহিত ধলাই নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হয়নি। পৌরসভা থেকে পাকা সেতু নির্মাণের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পশ্চিম মঈনপুর এলাকার মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান এবং আব্দুল বারেক বলেন, এই একটি সেতুর অভাবে বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হতে হয়। পাকা সেতু নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের নিকট কয়েকবার বলা হয়েছে। কিন্তু সেতু নির্মাণের আশ্বাস সত্ত্বেও সেতু নির্মিত হচ্ছে না।

পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান বলেন, এ বছরই এই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। প্রকল্পও তৈরি করা হয়েছে।