সাতক্ষীরা সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের তলুইগাছা গ্রামের একটি মত্স্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার গলা কাটা ও চোখ উপড়ানো ছিল। রবিবার সকালে তলুইগাছার একটি মত্স্য ঘেরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি গ্রামের মো. আলমগীরের সদর উপজেলার তলুইগাছা সীমান্তে একটি মত্স্য ঘের রয়েছে। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঐ ঘের থেকে যুবকের লাশ উদ্ধার করে। লাশের গলা কাটা ও চোখ উপড়ানো ছিল। পরনে ছিল একটি গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার বয়স আনুমানিক ৩০ বছর। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড তদন্তে নেমেছে পুলিশ।
