জেএসসি পরীক্ষা

২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:৫১

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষ্যে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে গতকাল রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবহিত করা হয়, জেএসসি-জেডিসি ২ নভেম্বর শুরু হয়ে ১১ নভেম্বর পর্যন্ত চলবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কোচিংয়ের বিষয়ে আমাদের কঠোর হতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও কেউ কেউ বাইরে তালা লাগিয়ে ভেতরে কোচিং করান।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেন প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা অপরাধী চক্র ঘটাতে না পারে, সে ব্যাপারে আমাদের সব গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ ও আব্দুল্লাহ আল হাসান, মাধ্যমিক ও  উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।