সাভারে ট্যানারির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:১১

সাভারে বিসিক শিল্পনগরীর ট্যানারিতে একটি নির্মাণাধীন পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্পনগরীর আর এ এন লেদার কারখানায় এ ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকের ভেতরে নেমে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের একজনের নাম রাসেল আহমেদ বাপ্পী (২৮)। তার বাড়ি বগুড়ার শান্তাহারের আদমদীঘিতে বলে জানিয়েছে পুলিশ। মৃত অপরজনের (৩২) নাম জানা যায়নি। সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) এমারত হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।