দুর্নীতি দমন কমিশনে (দুদক) কোনো তদবির বাণিজ্য নেই বলে দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল রবিবার কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের প্রয়াত চার কর্মকর্তা-কর্মচারীর শোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। এ সময় ইকবাল মাহমুদ বলেন, ‘আগে দুদকে তদবির নিয়ে অনেক কথা ছিল। আমি দৃঢ়ভাবেই বলতে পারি, আপনাদের সবার সহযোগিতায় বিগত সাড়ে তিন বছরে দুদকের তদবির বাণিজ্য শূন্যে নামিয়ে আনা হয়েছে। দুদকে এখন আর তদবির বাণিজ্য নেই। কেউ তদবির করতে সাহসও পান না।’
ইকবাল মামুদ আরো বলেন, ‘অনেকের ধারণা রয়েছে, দুদকে যারা চাকরি করেন, তাদের অনেকের যথেষ্ট টাকাপয়সা, গাড়ি-বাড়ি রয়েছে। কিন্তু আজ আমরা জানাচ্ছি যে আমাদের প্রয়াত পরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদের কোনো অর্থবিত্ত বাড়ি-গাড়ি নেই।’ প্রয়াত কর্মকর্তাদের সততার কাছে অনেকের ধারণা পরাজিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই সততার সঙ্গে জীবন যাপন করছেন। শোকসভায় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক মো. তালেবুর রহমান ও মো. রফিকুল ইসলাম বক্তব্য দেন।
