অনলাইনে পাইলট পরিচয়ে মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তাইজুল আজাদ। এরপর ঘনিষ্ঠতার সুযোগে কৌশলে হাতিয়ে নেন মেয়েদের গোপনীয় ছবি। পরে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এভাবে কয়েকজনের কাছ থেকে অন্তত ৫ লাখ টাকা আদায় করেছেন তিনি। এসব অভিযোগে গতকাল রবিবার চট্টগ্রামের সীতাকুন্ড থেকে তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
সিটিটিসি সূত্র জানায়, মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিতেন তাইজুল আজাদ। মেয়েরা টাকা দিতে আপত্তি করলে গোপন ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন তিনি। সম্প্রতি সৌদি আরব প্রবাসী এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম। বাহরাইনের একটি হোয়াটসঅ্যাপ নম্বরের সূত্র ধরে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সাইবার আইনে মামলা হয়েছে।
