আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবরার হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। আমাদের সমাজে এটা হওয়া উচিত নয় এবং এটা যাতে আর না হয় সেরকম বিচারিক ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনাগুলো সরকার অগ্রাধিকার দিয়ে বিচার করছে। ঠিক একইভাবে আবরার হত্যা মামলাকে যতটুকু অগ্রাধিকার দিয়ে শেষ করা উচিত ততটুকু অগ্রাধিকার দেবে সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার চায় না সমাজে এরকম অপরাধ হোক। গতকাল রবিবার শিশু একাডেমি মিলনায়তনে জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত শিশু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আবরার ফাহাদের ছোটো ভাই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সহযোগিতা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিশ্চয়ই সহযোগিতা দিতে প্রস্তুত। সে যদি মনে করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দরকার নিশ্চয়ই সরকার সেটা ভেবে দেখবে। বহুদিন আগে বুয়েটে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল, তার বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেটার দাবিও আপনারা তোলেন। সরকার সে বিচারও করবে।
আইনমন্ত্রী বলেন, শিশুরাই উন্নয়নের চাবিকাঠি, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। শিশুদের জীবনে ভালো একটি শুরু তাদের পরিণত বয়সে সমৃদ্ধি বয়ে আনে যার প্রভাব পড়ে পুরো জাতির ওপর। অর্থাত্ শিশুদের সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে আমাদের সমৃদ্ধ ভবিষ্যত্। চাইল্ড পার্লামেন্টের স্পিকার মারিয়াম আক্তার জিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বিশেষ অতিথির বক্তৃতা করেন।
