আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৩৭

ছাত্রলীগের নেতাকর্মীদের নির্মম পিটুনিতে নিহত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে নিহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহিন বাবুর পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট এ কে এম ফায়েজ। এদিকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক রাজনীতি ও র্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ রিটে আবরার ফাহাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ দুইটি রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।

গত ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে আবরারকে খুন করে। এ ঘটনায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে আন্দোলনের মুখে বুয়েটের ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ অবস্থায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে রাজনীতি বন্ধে এ রিট করা হয়।

রিটে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিকভাবে ভিসি ও শিক্ষক নিয়োগ বন্ধে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টে এ রিট করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, শিক্ষাসচিব, পুলিশের আইজিসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিবাদী করা হয়েছে।