কৃষির আধুনিকায়নই কৃষকদের আশার আলো দেখাবে ........................ কৃষিমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৩৮

সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। বিএডিসিকেও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবন করে মানুষের কাছে দ্রুত পৌঁছাতে হবে।

গতকাল রবিবার মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনের শুরুতে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয় এবং এ উপলক্ষ্যে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন। পরে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল উন্মোচন করেন। এবং ভবনের দশম তলায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে কৃষি শ্রমিকরা যে পারিশ্রমিক পায় তা দিয়ে তাদের জীবন চলে না। কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণই কৃষকদের আশার আলো দেখাবে। সেই সঙ্গে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করতে হবে। কৃষিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তা হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টিকর নিরাপদ খাদ্য। আগামী ২০৩০ সালের আগেই এ লক্ষ্য অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল মান্নান, কৃষিসচিব মো. নাসিরুজ্জামান ও সাবেক কৃষিসচিব ড. এস এম নাজমুল ইসলাম।