প্রধানমন্ত্রীর কাছে সম্রাটের জীবন ভিক্ষা চাইলেন তার মা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০০:৪২

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মা সায়েদা চৌধুরী বলেছেন, তার ছেলে রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন। সম্রাট অসুস্থ। সম্রাটের সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এবং কোনো ভুলত্রুটি থাকলে তা ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়ে সায়েদা চৌধুরী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। সম্রাট যেমন আমার সন্তান তেমনি আপনারও সন্তানতুল্য। সম্রাট ওপেন হার্ট সার্জারির রোগী। তার শারীরিক অবস্থা খুব-ই খারাপ। মা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন সম্রাটকে মুক্তি দিন। উন্নত চিকিত্সা দিয়ে তার জীবন ভিক্ষা দিন।

গতকাল রবিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আবেদন জানান তিনি। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ‘জীবন রক্ষা, উন্নত চিকিত্সা ও দ্রুত মুক্তির দাবিতে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সম্রাটের ভাই রাশেদ চৌধুরী বলেন, যখনই সম্রাট নির্বাচন করার প্রস্তুতি নেন, তখনই তার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলনে সম্রাটের মা সায়েদা চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্যটি পড়েন সম্রাটের বোন ফারহানা আক্তার চৌধুরী। লিখিত বক্তব্যে সম্রাটের মা বলেন, গত ৬ অক্টোবর আমার সন্তানকে গ্রেপ্তার করা হয়। যে স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়, সে স্থান থেকে কোনো প্রকার অস্ত্র কিংবা মাদক পাওয়া যায়নি।