যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। তার নাম আটাটিয়ানা জেফারসন (২৮)। বাইরে থেকে এক শ্বেতাঙ্গ পুলিশ নিজ কক্ষে অবস্থান করা জেফারসনকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। স্থানীয় সময় শনিবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফোর্ট ওর্থের বাসিন্দা জেফারসন নিজের কক্ষের ভেতরে ভাতিজার সঙ্গে ভিডিও গেইম খেলছিলেন। এই সময় তিনি বাইরে গোলমালের শব্দ শুনতে পান। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে গেলে একটি গুলি তার শরীরে লাগে। এরপরই তিনি মারা যান। একটি সম্পাদিত ভিডিওতে দেখা গেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই শ্বেতাঙ্গ পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। যদিও তার চেহারা দেখা যায়নি। তার পরিচয় পাওয়া গেলেও নাম প্রকাশ করা হয়নি। ফোর্ট ওর্থের পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ওই সদস্যকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। —বিবিসি
