মেয়ের জন্ম দিলেন ৭৫ বছরের ভারতীয় নারী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:২০

ভারতের রাজস্থানে ৭৫ বছরের এক নারী আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রথমবার মা হয়েছেন। রবিবার স্থানীয় একটি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে সোমবার এনডিটিভি জানায়, কোটার বাসিন্দা ঐ নারী অস্ত্রোপচারের মাধ্যমে ৬০০ গ্রাম ওজনের একটি কন্যার জন্ম দিয়েছেন। সময়ের আগেই জন্ম (সাড়ে ছয় মাসে) নেওয়ায় শিশুটির ওজন কম হয়েছে। তাই তাকে নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

শিশু বিষেশজ্ঞদের একটি দল নবজাতটিকে সব সময় পর্যবেক্ষণে রাখছে। চিকিত্সকরা জানান, ঐ নারী শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় অনেকটা বাধ্য হয়েই অস্ত্রোপচারের মাধ্যমে আগেভাগেই তার সন্তানের জন্ম দিতে হয়েছে।