ভারতের নিম্নমানের ২০৯০ কেজি চা পাতাসহ গ্রেফতার ৫

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২০:৪৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম গুচ্ছগ্রামে গত দু’দিনের ব্যবধানে ২০৯০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ও সোমবার দহগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- ওই গ্রামের আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৫), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৫), নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২০) ও কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি পাবনাপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩০)।

পুলিশ জানায়, গত শনিবার দহগ্রামে অভিযান চালিয়ে দহগ্রাম গুচ্ছগ্রামের মৃত আজিতুল্লার ছেলে দুলাল হোসেনকে ১৫২০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতা ও একটি অটোভ্যান গাড়িসহ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। এর দু’দিনের মাথায় সোমবার দহগ্রামের একই গ্রামে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৭০ কেজি ভারতীয় নিম্নমানের চা পাতাসহ চার জনকে গ্রেফতার করে।

আরো পড়ুন: ‘প্রভাবিত হয়ে ব্যবস্থা না নিলে দুদক চেয়ারম্যানের সরে যাওয়া উচিত’

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘অবৈধভাবে ভারতীয় নিম্নমানের চা পাতা নিয়ে আসায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/বিএএফ