সভাপতি অর্ধেন্দু কুমার-সম্পাদক শহীদ হোসেন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
দীর্ঘ ১৪ বছর পর শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অর্ধেন্দু কুমার দেব বেভুলকে সভাপতি ও শহীদ হোসেন ইকবালকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
রবিবার সন্ধ্যায় সম্মেলন শেষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি নবগঠিত এই কমিটি ঘোষণা করেন।
এর আগে বেলা ১১টায় শহরের পুরান বাজার সড়কে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলনের প্রধান বক্তা আহমদ হোসেন ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আছকির মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন প্রমুখ।
