বাংলাদেশের প্রশংসায় ইস্তিমাচ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:১১

স্পোর্টস রিপোর্টার, কলকাতা থেকে

ভারত প্রথম ম্যাচে হেরেছিল ওমানের বিপক্ষে। কাতারের বিপক্ষে ড্র করে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে হারানোর জন্য উদ্গ্রীব। বাংলাদেশ-কাতার ম্যাচটা হওয়ার আগ পর্যন্ত সুনীল ছেত্রী ও ক্রোয়েশিয়ান কোচ ইগর ইস্তিমাচ বলেছিলেন, বাংলাদেশকে হারিয়ে উজ্জীবিত হবে ভারত। হাজারো কথা বলেছেন বাংলাদেশকে হারিয়ে দেওয়ার জন্য। সব দর্শককে মাঠে আসার  ডাক দিয়েছেন ইগর। সেই ইগর কাল সুর বদলে সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘নমস্তে, কেমন আছেন আপনারা?’ বাংলাদেশের প্রশংসা করে বললেন, ‘বাংলাদেশ প্রমাণ করেছে তারা ভালো দল। কাতারের বিপক্ষে ম্যাচ দেখেছি। বাংলাদেশের জেতা ম্যাচ ছিল।’ এরপর বললেন, ‘বাংলাদেশ এখানেও জিততে এসেছে। ওরা খুবই শৃঙ্খল একটা দল। একসেলেন্ট ফুটবল খেলে।’

নিজের দলকে নিয়ে তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ আমরা ফেভারিট ছিলাম না। এখন আমাদের ওপর চাপ আছে। আজকে চাপ নামাবার ম্যাচ। আমি কাউকে ছোটো করব না। এটা আমার ক্যারিয়ারে নেই।’