অনৈতিক কর্মকাণ্ড :বিএসটিআই কর্মকর্তাদের সতর্ক করলেন শিল্পমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:১৬

অনিয়মের অভিযোগে ৮৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা 

 

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পর্যায়ে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়নে বিএসটিআইয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা সরকার মেনে নেবে না। দায়িত্ব অবহেলা কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে, শিল্প মন্ত্রণালয় দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।

শিল্পমন্ত্রী গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত ‘ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ব মান দিবস-২০১৯ উপলক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন এবং বিএসটিআইয়ের পরিচালক সাজ্জাদুল বারী বক্তব্য দেন। 

শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই জাতীয় পর্যায়ে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করে। এ বিবেচনায় বিএসটিআইয়ের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় আইন, নীতি ও বিধি প্রণয়ন করেছে।

তিনি আরো বলেন, শিল্পকারখানায় উত্পাদিত পণ্য নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হয়। কোনো পণ্য অন্য দেশের ক্রেতা ভোক্তাদের কমপ্লায়েন্স অনুসরণ করে তৈরি না করলে, তা বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এর ফলে সংশ্লিষ্ট শিল্প-উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে এবং এক সময় তার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এ বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশে বিশ্বমানের পণ্য উত্পাদনের প্রয়াস জোরদার করতে তিনি শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, গত নয় মাসে তৃণমূল পর্যায়ে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় বিএসটিআইয়ের কার্যক্রম জোরদার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৮২৯টি সিএম লাইসেন্স প্রদান করা হয়েছে এবং ২ হাজার ১১টি লাইসেন্স নবায়ন করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৫০৫টি সার্ভিল্যান্স টিম এবং ১৪৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৩ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ৮৯৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ৪৬৫টি ফলের নমুনা পরীক্ষা করা হলেও এর কোনোটিতে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বিশ্ব মান দিবস উপলক্ষ্যে বিএসটিআইয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। এটি প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। বিএসটিআই মহাপরিচালক এতে নেতৃত্ব দেন।