যেই শিক্ষকদের অবহেলায় আবরারের প্রাণ গেল তাদেরও বিচার চাই

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৬

বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছে অভিযোগ করে তাদেরও বিচারের দাবি জানিয়েছে সিপিবির নারী সেল। আবরার হত্যাকাণ্ডের বিচার, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, যৌন নিপীড়ন ও নারী প্রতিহিংসা বন্ধের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি করা হয়।

সমাবেশে সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী বলেন, আবরার শিখিয়ে গেল যে—আমি মরেও মরি নাই। কারণ বিশ্ববিদ্যালয়ের হলগুলো পরিচালনার জন্য যে শিক্ষক দায়িত্বে থাকেন তাদের দায়িত্ব কি? হলের ভেতরে প্রতিহিংসার যে কক্ষগুলো, সেখানে কী পাওয়া গেল? পাওয়া গেল হকিস্টিক আর মদের বোতল। তিনি বলেন, শুধু আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের গ্রেফতার করা হয়েছে। কেবল তাদের বিচারই না, যারা হল পরিচালনার দায়িত্বে ছিলেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, তাদেরকেও ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, বিচার করতে হবে।

নারী সেলের নেত্রী লুনা নূর বলেন, আবরারকে হত্যা করার শক্তি তারা কোথা থেকে পেল? এই শক্তি হল দেশে গণতন্ত্র না থাকার কারণে। বিশ্বজিেক হত্যা করে তারা পার পেয়ে গেছে। যে কারণে এসব ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। এই শক্তির ওপর ভর করে ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে আছে। নারী সেলের আরেক নেতা মাকসুদা আক্তার লাইলী বলেন, ক্যাসিনো একটা ম্যাজিকের মতো খেলা, যার মাধ্যমে সবার টাকা একজনের পকেটে চলে যায়। একইভাবে আমাদের সমাজেও ক্যাসিনো খেলার মতো খেলা চলে। এখানে জনগণের টাকা মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে।