খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির মশাল মিছিল

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৮

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় নেতা নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, যুবদলের ঢাকা দক্ষিণের গোলাম মাওলা শাহীন প্রমুখ অংশ নেন। মিছিল শেষে ফেরার পথে পল্টন থানার পুলিশ কয়েকজনকে আটক করে।

সমাবেশে রিজভী বলেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলেও চিকিত্সা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই সরকারের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছু বড়ো নয়। বড়ো হলো ক্ষমতায় থাকা। আর ক্ষমতা কুক্ষিগত রাখতেই বেগম খালেদা জিয়াকে জেলে রেখে হত্যার ষড়যন্ত্র করছে। তবে দেশের মানুষ সংঘবদ্ধ হচ্ছে। পতনের সময় ঘনিয়ে আসছে।