বিপুল উৎসাহ উদ্দীপনা এবং প্রচুর দর্শকের উপস্থিতিতে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার গোড়াইল ও চাকলেশ্বর গ্রামবাসীর আয়োজনে গোড়াই এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সদস্য ও অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ভিপি মো. আবু সাইদ জানান, গোড়াই ও চাকলেশ্বর গ্রামবাসীর যৌথ উদ্যোগে প্রতি বছর বংশাই নদীতে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে বংশাই নদীর দুই পাশের (২-৩) কি.মি. এলাকা জুড়ে প্রচুর দর্শকসহ নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন এলাকা থেকে আসা ৮টি নৌকা দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফতেপুর ইউনিয়নের পারদিঘী পুর্বপাড়া যুবসংঘের নৌকা, দ্বিতীয় হয়েছে বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামের জয়কালি নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করেছে বহনতলী গ্রামের মইন পাগলের নৌকা।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান। এসময় আয়োজক কমিটির সদস্য সাবেকি ভপি আবু সাইদ, মো. শহিদুর রহমান মৃধা, আজিজুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাদত হোসেন, দেওয়ান মো. রেফাজ উদ্দিন, সাবেক জিএস সেলিম সিকদার, রাঙ্গা সিকদার, সাবেক মেম্বার শহিদ মৃধা ও মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত।
ইত্তেফাক/আরকেজি

